যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনের ওপর ডিম নিক্ষেপের ঘটনায় যুবলীগকর্মী মিজানকে আটক করে পুলিশ। পরে তিনি জামিনে মুক্ত হয়ে আনন্দ মিছিল করেন। এ সময় মিজানের সঙ্গে ফোনে কথা বলে ধন্যবাদ জানান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) এক ফেসবুক পোস্টে ফ্যাসিস্ট হাসিনাকে ‘ছোটলোক’ বলে প্রতিক্রিয়া জানিয়েছেন এনসিপি নেতা।
সারজিস লেখেন, ‘আমেরিকাতে বিবেকবোধ বেচে দেওয়া যেই কুলাঙ্গারটা আকতার হোসেনকে ডিম ছুড়েছে। তার সঙ্গে পরবর্তী সময় শেখ হাসিনা ফোন দিয়ে কথা বলেছে, ধন্যবাদ জানিয়েছে! একটা মানুষ কতটা ছোটলোক হলে এই কাজ করতে পারে?’
তিনি আরও লিখেছেন, ‘এই রকম নিচু মানসিকতার একটা নমরুদ ১৬ বছর ধরে একটা দেশের প্রধানমন্ত্রী থাকলে ওই দেশের প্রত্যেকটা সিস্টেমে পচন ধরা ছাড়া আর কী হতে পারে? যাদের নেত্রীর এই অবস্থা, তাদের কাছে আরো বেশি ছোটলোকি দেখতে পাবেন, এটাই স্বাভাবিক।’
পোস্টে সারজিস আলম আরও বলেন, ‘আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ আমাদেরকে, আমাদের দেশকে এমন একজন হিংসুক, প্রতিহিংসাপরায়ণ, ছোটলোক থেকে মুক্তি দিয়েছেন।’
জানা যায়, জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গী হিসেবে ২২ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা ও জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের। তারা যুক্তরাষ্ট্রের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর টার্মিনাল থেকে বের হওয়ার সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম ছোড়েন এবং তাসনিম জারাকে কটূক্তি করেন।
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জাহিদ হাসানের বিরুদ্ধে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগ উঠেছে।
Leave a Reply