বৃহস্পতিবার সকাল থেকে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে রেখেছিলেন কিছু ব্যক্তি। তারা নিজেদের জুলাই যোদ্ধা হিসেবে দাবি করছেন। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নিজেদের ‘প্রকৃত জুলাই যোদ্ধা’ দাবি করে একদল তরুণ ওই অবরোধকারীদের ওপর হামলা করেন এবং ব্যারিকেড সরিয়ে দেন।
এর এক পর্যায়ে দুইপক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। তখন পুলিশ এসে দুই পক্ষকে লাঠিচার্জ করে সড়ক থেকে সরিয়ে দেয়। এরপর শাহবাগ মোড় দিয়ে পুরোদমে যান চলাচল শুরু হয়েছে।
পুলিশের রমনা বিভাগের উপকমিশনার মাসুদ আলম গণমাধ্যমকে বলেন, ‘জুলাই যোদ্ধা’ দাবি করে একদল লোক বৃহস্পতিবার সকাল থেকে শাহবাগ মোড় অবরোধ করে রেখেছিলেন। বুঝিয়েও সড়ক থেকে সরানো যায়নি তাদের। শুক্রবার সন্ধ্যায় অন্য একটি দল শাহবাগে আসলে দুইপক্ষের মধ্যে মারামারি ও বিশৃঙ্খলা হয়। নিরাপত্তার স্বার্থে পুলিশ উভয়পক্ষকেই সড়ক থেকে সরিয়ে দিয়েছে।
এরপর শাহবাগ মোড়ে যান চলাচল স্বাভাবিক হয়েছে।
জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের (আহত) ব্যানারে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় শাহবাগ মোড় অবরোধ করা হয়। রাতেও সেখানে অবস্থান নিয়ে অবরোধ চালিয়ে যান আন্দোলনকারীরা। শুক্রবার সকালে বৃষ্টির মধ্যেও শাহবাগ মোড় অবরোধ করে রাখতে দেখা যায়। ফলে এই মোড় দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়।
‘জুলাই যোদ্ধা সংসদ’ নামের সংগঠনটির আহ্বায়ক আরমান শাফিন দাবি করেন, তাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে বহিরাগতরা হামলা করেছে। পুলিশ লাঠিচার্জ করেছে। এতে তাদের ৮ জন আহত হয়েছেন। তবে বহিরাগত কারা সেটি তারা জানেন না বলে তিনি জানান।
Leave a Reply