জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারের শোকজ নোটিশ প্রত্যাহার করা হয়েছে। ফলে এখন থেকে সাংগঠনিক কর্মকাণ্ডে অংশ নিতে তার আর কোনো বাধা থাকছে না। এতে করে দুই মাস পর দলে ফিরল সারোয়ার।
গতকার শনিবার রাত সাড়ে ১১টার দিকে এনসিপির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাতের পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, নৈতিক স্খলনজনিত অভিযোগের পরিপ্রেক্ষিতে গত ১৭ জুন সারোয়ার তুষারকে সাংগঠনিক অব্যাহতি দেওয়া হয়। সেসময় তাকে কারণ দর্শানোর নোটিশ দেয় দলটি। সারোয়ার তুষার দপ্তর মারফত আহ্বায়ক, সদস্যসচিব, রাজনৈতিক পর্ষদ ও এনসিপি শৃঙ্খলা কমিটি বরাবর ওই নোটিশের লিখিত জবাব দেন। জবাব বিশ্লেষণ করে একান্ত ব্যক্তিগত যোগাযোগের এই ঘটনাটি নারীর প্রতি সংবেদনশীলতা এবং ন্যায় বিচারের স্বার্থে এনসিপি গভীর পর্যবেক্ষণের সিদ্ধান্ত নেয়।
এ পরিপ্রেক্ষিতে সামাজিক যোগাযোগমাধ্যমে ফাঁস হওয়া ফোনালাপের ভিত্তিতে শোকজ নোটিশের নির্দেশ অনুযায়ী সারোয়ার তুষার দুই মাস সাংগঠনিক কর্মকাণ্ড থেকে বিরত থাকেন।
সাংগঠনিক নির্দেশ মোতাবেক, দেশব্যাপী জুলাই পদযাত্রা, জাতীয় ঐকমত্য কমিশনে এনসিপিকে প্রতিনিধিত্ব করা, মিডিয়ায় দলের অবস্থান তুলে ধরা, নরসিংদীতে এনসিপির পদযাত্রায় অনুপস্থিত থাকাসহ পার্টির সব সাংগঠনিক কর্মকাণ্ড থেকে তিনি বিরত থাকেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সার্বিক ঘটনা, লিখিত জবাব ও আলামত বিশ্লেষণ সাপেক্ষে দুই মাস সাংগঠনিক কর্মকাণ্ড থেকে বিরত থাকার পর সারোয়ার তুষারকে পুনরায় সাংগঠনিক সব কর্মকাণ্ডে পুনর্বহাল করার মাধ্যমে কারণ দর্শানোর নোটিশটি প্রত্যাহার করা হলো।
Leave a Reply